পাকিস্তান-আফগান শান্তি আলোচনা ব্যর্থ, সীমান্তে উত্তেজনা বৃদ্ধি।
আফগানিস্তানের সঙ্গে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তি করার উদ্দেশ্যে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সরকার। ইসলামাবাদ অভিযোগ করেছে, কাবুলের পক্ষ আলোচনায় প্রতারণা ও কৌশল অবলম্বন করেছে।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আলোচনার ব্যর্থতা উন্মুক্ত সংঘাতের দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, তালেবানকে দমন করতে পাকিস্তানকে সামরিক শক্তির সামান্য অংশ ব্যবহার করলেই যথেষ্ট হবে।
আসিফ আরও বলেন, তালেবান তাদের ক্ষমতা ধরে রাখতে এবং যুদ্ধ অর্থনীতি টিকিয়ে রাখতে আফগানিস্তানকে নতুন করে সংঘাতের দিকে ঠেলছে। যদি তারা জনগণের ক্ষতি করতে চায়, তার ফলও ভোগ করতে হবে।
আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন ক্বানি জানান, পাকিস্তান হামলা করলে কঠোর জবাব দেওয়া হবে। তিনি বলেন, “আমাদের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু ন্যাটো ও যুক্তরাষ্ট্র ২০ বছরেও আফগানিস্তানকে পরাস্ত করতে পারেনি।”
উল্লেখ্য, দুই দেশের সীমান্ত এখনও বন্ধ রয়েছে। ২০২৩ সাল থেকে পাকিস্তান থেকে বিতাড়িত আফগান নাগরিকদের জন্য সীমান্ত পারাপার কার্যত স্থগিত রয়েছে।
সূত্র: শাফাক নিউজ

মতামত দিন