মালয়েশিয়ার কেলান্তানে ৭৫ অননুমোদিত অভিবাসী শ্রমিক গ্রেপ্তার।
মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে অভিবাসন বিভাগের এক যৌথ অভিযানে ৭৫ জন অননুমোদিত শ্রমিককে আটক করা হয়েছে। আটককৃতদের বয়স ২৩ থেকে ৫০ বছরের মধ্যে।
গ্রেপ্তারদের মধ্যে ৬৭ জন বাংলাদেশি পুরুষ, চারজন ইন্দোনেশিয়ান পুরুষ, দুইজন ইন্দোনেশিয়ান নারী, একজন ভারতীয় ও একজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
জেআইএম কেলান্তানের পরিচালক মোহাম্মদ ইউসুফ খান মোহাম্মদ হাসান জানান, কোটা বারু এবং পাশির মাস এলাকার নির্মাণস্থলগুলোতে গোয়েন্দা তথ্য এবং স্থানীয়দের সহায়তায় অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, এই অভিবাসীরা সীমান্তের অবৈধ পয়েন্ট ব্যবহার করে প্রবেশের পর একটি পরিবহন চক্রের মাধ্যমে লেম্বাহ সিরেহ বাস টার্মিনালে আনা হয়েছিল। ধারণা করা হচ্ছে, তারা পশ্চিম উপকূলের অন্যান্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা করছিলেন।
মোহাম্মদ ইউসুফ জানান, অভিযান শেষে সকলকে তানাহ মেরাহ অভিবাসন আটক কেন্দ্রে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে তারা ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩-এর ধারা ৬(১)(সি) ও ১৫(১)(সি) এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩-এর রুল ৩৯(বি) লঙ্ঘনের অভিযোগে ব্যবস্থা গ্রহণের মুখোমুখি।
ডিরেক্টর আরও জানিয়েছেন, অভিযানটি সীমান্তে মানবপাচার রোধ এবং অবৈধ শ্রমিক প্রবেশ প্রতিরোধের জন্য জেআইএম-এর ধারাবাহিক তৎপরতার অংশ।
মতামত দিন