রাজনীতি
ছবি: সংগৃহীত

জামায়াত ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা ৫ ঘণ্টা করার ঘোষণা: ডা.শফিকুর রহমানের।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান ক্ষমতায় এলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার প্রতিশ্রুতি দিয়েছেন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির এস্টোরিয়া ওয়ার্ল্ড মেনারে ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন’-এর আয়োজিত এক গণসংবর্ধনায় রোববার (২৬ অক্টোবর) তিনি এই ঘোষণা দেন।

ডা. শফিকুর রহমান বলেন, একজন মা সন্তান জন্ম দিচ্ছেন, লালন-পালন করছেন এবং ক্ষেত্রবিশেষে পেশাগত দায়িত্বও পালন করছেন। তাই তাদের ওপর ৮ ঘণ্টার কাজ চাপিয়ে রাখা অন্যায়। ক্ষমতায় এলে তাদের জন্য কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে, যা তাদের প্রতি ন্যায় ও সম্মান প্রদর্শন করবে।

তিনি আরও বলেন, যদি নারীদের জন্য কর্মঘণ্টা ৮ ঘণ্টার পরিবর্তে ৫ ঘণ্টা করা হয়, তা দয়া নয়, বরং তাদের প্রতি ইনসাফ। এই ব্যবস্থায় মা হিসেবে তারা সন্তানকে সময় দিতে পারবেন এবং পেশাগত দায়িত্বও সুষ্ঠুভাবে পালন করতে পারবেন।

ডা. শফিকুর রহমান মানবতাবিরোধী অপরাধের বিষয়ে বলেন, যারা মানব হত্যা করেছেন, তাদের শাস্তি নিশ্চিত হবে। তিনি বলেন, ন্যায়বিচার হবে এবং কোনো ধরনের অবিচার থাকবে না।

এর আগে শনিবার (২৫ অক্টোবর) মিশিগানের ডেট্রয়টের হ্যামট্রামিকে নাগরিক সংবর্ধনায় যোগ দিয়ে জামায়াতের আমির জানান, ক্ষমতায় এলে তার দল দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়ভিত্তিক সমাজ এবং মজলুম মানুষের পাশে দাঁড়াবে। পাশাপাশি তিনি দেশের পররাষ্ট্রনীতিতে পারস্পরিক সম্মান ও বন্ধুত্বের ভিত্তিতে সম্পর্ক গড়ার আহ্বান জানিয়েছেন।

মতামত দিন