সৌদি আরবে ব্যাপক অভিযান: গত এক সপ্তাহে ২২ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার।
সৌদি আরবে নিরাপত্তা বাহিনী সম্প্রতি এক বিস্তৃত অভিযান চালিয়ে ২২ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এই অভিযান দেশের বিভিন্ন প্রান্তে পরিচালিত হয়েছে এবং এতে আইনের নানা নিয়ম লঙ্ঘনকারী প্রবাসীরা আটক হয়েছেন।
মন্ত্রণালয় জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত চালানো এই অভিযান অবৈধ বসবাস, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে পরিচালিত হয়। গ্রেপ্তারদের মধ্যে ১৩ হাজারের বেশি অবৈধ বসবাসকারী, চার হাজারের বেশি সীমান্ত আইন লঙ্ঘনকারী এবং প্রায় ৪ হাজার শ্রম আইন ভঙ্গকারী রয়েছেন। এ সময় ১৪ হাজারেরও বেশি প্রবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
সীমান্ত এলাকায় বিশেষ নজরদারি চালিয়ে ১ হাজার ৬৯৯ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৪৫ শতাংশ ইয়েমেনি নাগরিক। এছাড়া ৩৫ জনকে দেশ ছাড়ার চেষ্টা করার সময় ও ২৩ জনকে অবৈধ প্রবাসীদের আশ্রয় বা চাকরিতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে ৩১ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে সৌদি আদালতে আইনি প্রক্রিয়া চলছে, যার মধ্যে ২৯ হাজারের বেশি পুরুষ এবং প্রায় ১ হাজার ৫৬০ জন নারী।
মন্ত্রণালয় সতর্ক করেছে, যারা অবৈধ প্রবাসীদের আশ্রয়, চাকরি বা পরিবহন দেবে, তারা ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড ও ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা ভোগ করতে পারেন। অপরাধে ব্যবহৃত সম্পত্তি ও যানবাহনও জব্দ করা হতে পারে।
সরকার জনগণকে অবৈধ প্রবাসীদের তথ্য সরবরাহের জন্য হটলাইন নম্বর চালু করেছে। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে, এবং দেশের অন্যান্য এলাকায় ৯৯৯ ও ৯৯৬ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

মতামত দিন