আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নাইজেরিয়ায় পেট্রোল ট্যাংকার বিস্ফোরণে ৩৫ জন নিহত।

নিজেস্ব প্রতিবেদক:

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে ভয়াবহ পেট্রোলবাহী ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২১ অক্টোবর) দেশটির এজ্জা গ্রামের কাচা-আগাই সড়কে চলাচলের সময় ট্যাংকারটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বিপুল পরিমাণ পেট্রোল ছড়িয়ে পড়ে রাস্তাজুড়ে। ওই সময় স্থানীয় বাসিন্দারা পাত্র নিয়ে তেল সংগ্রহে ঝাঁপিয়ে পড়েন।

ফেডারেল রোড সেফটি কর্পস (এফআরএসসি) জানায়, চালক ও নিরাপত্তাকর্মীরা তেল সংগ্রহকারীদের  সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তারা কথা শোনেননি। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণ ঘটে এবং আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই বহু মানুষ আগুনে দগ্ধ হয়ে প্রাণ হারান।

নাইজার রাজ্যের পেট্রোলিয়াম ট্যাংকার ড্রাইভার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ফারুক মোহাম্মদ কাও জানান, বেশিরভাগ নিহত ব্যক্তি বিস্ফোরণের আগে ট্যাংকার থেকে তেল তুলছিলেন। অনেকেই গুরুতর দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

এফআরএসসির নাইজার শাখার কমান্ডার হাজিয়া আইশাতু সাদু বলেন, বিস্ফোরণের পর ওই এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। আগুন নেভানো ও মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা যৌথভাবে কাজ করছে।

তিনি আরও জানান, নাইজেরিয়ায় ট্যাংকার দুর্ঘটনার পর এভাবে তেল লুট করতে গিয়ে প্রাণ হারানোর ঘটনা নতুন নয়। তবুও স্থানীয় মানুষ ঝুঁকি নিয়েই এ ধরনের কাজ করেন, যা প্রতিবারই দুঃখজনক পরিণতি ডেকে আনে।

মতামত দিন