হোয়াইট হাউসের ঐতিহাসিক ভবনের পূর্বাংশ ভেঙে ট্রাম্পের জন্য নতুন বলরুম নির্মাণের কাজ শুরু।
যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বলরুমের জন্য বড় ধরনের সংস্কারের কাজ শুরু হয়েছে। সোমবার ঐতিহাসিক ইস্ট উইংয়ের কিছু অংশ ভেঙে নতুন নির্মাণের পথ সুগম করা হয়।
ট্রাম্প জানিয়েছেন, ২৫০ মিলিয়ন ডলারের এই প্রকল্পটি ব্যক্তিগত অর্থায়নে হচ্ছে এবং মূল ভবনের ঐতিহ্য অক্ষুণ্ণ থাকবে। বলরুমটি মূল ভবনের পাশে থাকলেও সরাসরি যুক্ত হবে না। তিনি বলেছেন, “আমি হোয়াইট হাউসের বড় ভক্ত। তাই মর্যাদা বজায় রাখার বিষয়টি অগ্রাধিকার।”
ইস্ট উইং ১৯০২ সালে প্রথম তৈরি হয় এবং সর্বশেষ বড় সংস্কার হয়েছিল ১৯৪২ সালে। ৮৩ বছর পর এই অংশে ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, এমন ঐতিহাসিক ভবনে সংস্কারের আগে আরও স্বচ্ছ ও বিস্তারিত পর্যালোচনা প্রয়োজন। সাবেক ইতিহাসবিদ রবার্ট কে. সাটন মন্তব্য করেছেন, “বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাহী ভবনে কীভাবে কাজ হচ্ছে তা স্পষ্ট নয়, যা উদ্বেগের বিষয়।”
তবে ট্রাম্প বলছেন, এই সংস্কার হোয়াইট হাউসকে আরও সুন্দর ও কার্যকর করবে। দীর্ঘদিন ধরেই প্রতিটি প্রেসিডেন্ট এমন একটি বলরুম চেয়েছেন।
সূত্র: বিবিসি, রয়টার্স

মতামত দিন