দিল্লি বিমানবন্দরে উড্ডয়ন মুহূর্তে যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুন।
ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের আগ মুহূর্তে একটি যাত্রীর কাছে থাকা পাওয়ার ব্যাংক থেকে আগুন লাগে। তবে কেবিন ক্রুরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনায় কোনো বড় দুর্ঘটনা এড়ানো গেছে।
রোববার (১৯ অক্টোবর) দিল্লি থেকে নাগাল্যান্ডের দিমাপুরগামী ইন্ডিগোর ৬ই ২১০৭ ফ্লাইটটি ট্যাক্সিং করার সময় এই ঘটনা ঘটে। ইন্ডিগো জানায়, যাত্রীর আসনের পকেটে রাখা ইলেকট্রনিক যন্ত্র থেকে অল্পমাত্রার আগুন ধরে গেলে ক্রুরা নির্ধারিত প্রটোকলের মাধ্যমে তা মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণে আনে।
সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাস্থলেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়। নিরাপত্তা পরীক্ষা শেষে ফ্লাইটটি স্বাভাবিকভাবে উড্ডয়ন করে এবং বিকেল ৪টা ৪৫ মিনিটে দিমাপুরে পৌঁছায়।
ইন্ডিগো আরও জানিয়েছে, যাত্রীরা পুরো ঘটনার সময় শান্ত ছিলেন এবং সহযোগিতা করেছেন। তবে ফ্লাইটটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনও জানা যায়নি। উল্লেখ্য, এর আগেও চীনের এয়ার চায়নার একটি ফ্লাইটে লিথিয়াম ব্যাটারি থেকে আগুন লাগার ঘটনা ঘটেছিল।
সূত্র: এনডিটিভি
মতামত দিন