আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি ভারতের প্রযুক্তি: নরেন্দ্র মোদি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির প্রথম নিজস্ব নির্মিত বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তে দীপাবলি উদযাপন করেছেন। মোদি রণতরীটিকে ভারতের সামরিক সক্ষমতা ও আত্মনির্ভরতার প্রতীক হিসেবে তুলে ধরেন।
২০ অক্টোবর ভারতের নৌবাহিনীর সদস্যদের সঙ্গে এই উৎসবে অংশ নেওয়া মোদি বলেন, আইএনএস বিক্রান্ত কেবল একটি যুদ্ধজাহাজ নয়, এটি ভারতের প্রযুক্তি, দক্ষতা ও সাহসের প্রতীক। তিনি দাবি করেন, অপারেশন সিন্দুর চলাকালে রণতরীটির শক্তিশালী উপস্থিতি পাকিস্তানকে কয়েক দিনের মধ্যেই আত্মসমর্পণ করতে বাধ্য করেছিল।
প্রধানমন্ত্রী নৌবাহিনীর শতাধিক সদস্যকে উদ্দেশ্য করে বলেন, অনন্ত সাগর ও বিশাল আকাশের মধ্যে আইএনএস বিক্রান্তের দৃশ্য অসাধারণ। তিনি দেশের জন্য নিজেদের উৎসর্গ করা সৈন্যদের উদ্যম ও সাহসের প্রশংসা করেন এবং বলেন, “গত রাতের অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা কঠিন; জওয়ানরা যেভাবে দেশপ্রেম ও সাহস দেখায়, তা অনন্য।”
মোদি আরও জানান, এ বছরের দীপাবলি তার কাছে বিশেষ, কারণ তিনি তা সরাসরি সৈন্যদের মাঝে উদযাপন করেছেন এবং তাদের সঙ্গে দেশপ্রেম ও সাহসের মুহূর্তগুলো ভাগ করেছেন।

মতামত দিন