সাংবিধানিক আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী শাপলা প্রতীক দেওয়া সম্ভব নয়:ইসি আনোয়ারুল।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাছে ‘শাপলা’ প্রতীক দেওয়া সম্ভব নয়, কারণ এটি নির্বাচনী প্রতীকের তালিকায় অন্তর্ভুক্ত নেই।
রোববার সিলেট মেট্রোপলিটন পুলিশের লাইনে অনুষ্ঠিত বিশেষ প্রশিক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করবে না এবং সব দপ্তর আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে।
পুলিশকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমাদের অতীতের ভুল এবং আস্থা সংকট কাটিয়ে ওঠা জরুরি। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য সমন্বয় ও সহযোগিতা অপরিহার্য।”
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আমরা জনগণের পক্ষে কাজ করব, অন্যায়ের কাছে মাথা নত করব না। আচরণে নম্র, দায়িত্ব পালনে কঠোর। এই প্রশিক্ষণে দেশের ১ লাখ ৫২ হাজার পুলিশ সদস্য অংশগ্রহণ করছে, যা আগে কখনও হয়নি। আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত।”
কর্মশালায় উপস্থিত ছিলেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মো. মাসুদ রানা, জেলা পুলিশ সুপার মো. মাহবুবুর রহমান, সিটিএসবি (ডিসি) আফজল হোসেন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।

মতামত দিন