জাতীয়
ছবি: সংগৃহীত

ফরিদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল কাদিরদী বাজারের ১৭ দোকান।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের কাদিরদী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৭টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাছ বাজারসংলগ্ন বাচ্চু মোল্যার মার্কেটের নাসির দর্জির দোকান থেকেই আগুনের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের কয়েকটি মার্কেটে ছড়িয়ে পড়ে।

আগুনে বাচ্চু মোল্যা ও আজিজ মোল্যার মার্কেটসহ চারটি মার্কেটের মনোহরি, ওষুধ, বীজ, জুতা, রেস্টুরেন্ট ও টেইলার্সের দোকান সম্পূর্ণ পুড়ে যায়। খবর পেয়ে মধুখালী ও বোয়ালমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং স্থানীয় লোকজন প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, ‘বাজারে তখন প্রায় কেউ ছিল না। হঠাৎ আগুন দেখতে পেয়ে দৌড়ে যাই, দেখি কয়েকটা দোকান জ্বলছে। আমার দোকানও পাশে ছিল, আল্লাহর রহমতে আগুন ছুঁতে পারেনি।’

ইউপি সদস্য বুলবুল হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নাসির দর্জির দোকান থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। এতে প্রায় ১৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। ক্ষতির পরিমাণ কোটি টাকারও বেশি হতে পারে।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন লিডার খালেক শেখ বলেন, ‘আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মধুখালী ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করে। পরে আমরা যোগ দিলে স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলা সম্ভব হয়।’

মতামত দিন