রাজনীতি
ছবি: সংগৃহীত

শাপলা প্রতীক দাবিতে অনড় এনসিপি, ইসি সচিবের সঙ্গে বৈঠকে চার সদস্যের প্রতিনিধি দল।

নিজেস্ব প্রতিবেদক:

শাপলা প্রতীক নিয়ে অনড় অবস্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৯ অক্টোবর) সকালে দলের চার সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিবের সঙ্গে বৈঠকে অংশ নিতে আগারগাঁওয়ে ইসি সচিবালয়ে যায়।

কমিশন সূত্র জানায়, আজই এনসিপির প্রতীক বাছাইয়ের শেষ সময়সীমা। নির্ধারিত সময়ের মধ্যে দলটি প্রতীক না বাছাই করলে কমিশন নিজ উদ্যোগে তাদের জন্য প্রতীক নির্ধারণ করবে।

ইসির পাঠানো চিঠিতে বিধিমালায় তালিকাভুক্ত ৫০টি প্রতীকের মধ্য থেকে একটি বেছে নিতে বলা হয়েছিল এনসিপিকে। তবে দলটির অবস্থান স্পষ্ট— তারা শুধুই ‘শাপলা’ প্রতীক চায়, অন্য কোনো বিকল্প তারা বিবেচনায় নিচ্ছে না।

এর আগে একাধিকবার ইসির সঙ্গে বৈঠক করেছে এনসিপি এবং চিঠি পাঠিয়ে তাদের দাবি জানিয়েছে। দলটির নেতারা বলেছেন, প্রয়োজনে ‘শাপলা’র দাবিতে তারা রাজপথে নামতেও প্রস্তুত। এমনকি প্রতীক না পেলে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তও পুনর্বিবেচনা করা হবে বলে ইঙ্গিত দিয়েছেন তারা।

শনিবার এক প্রতিক্রিয়ায় এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, ‘ইসি সচিবের আচরণ স্বৈরাচারী মনোভাবের পরিচায়ক। শাপলা প্রতীক দিতে বাধ্য কমিশন। প্রতীক না দিলে যে জটিলতা তৈরি হবে, তার দায় নিতে হবে ইসিকেই।’ তিনি আরও বলেন, ‘ইসির সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। চাইলে এখনই কমিশন শাপলাকে তালিকাভুক্ত করতে পারে।’

এদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শাপলা প্রতীক না দিলে আমরা এই নির্বাচন কমিশনের কোনো কার্যক্রমে আস্থা রাখব না।’

মতামত দিন