জাতীয়
ছবি: সংগৃহীত

ফলাফলের ধসের প্রতিবাদে চার দফা দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের আন্দোলন করার ঘোষণা।

নিজেস্ব প্রতিবেদক:

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলের রেকর্ড ধসের প্রতিবাদে চার দফা দাবিতে আন্দোলন করার ঘোষণা দিয়েছেন পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়া বা ফেল করা শিক্ষার্থীরা। তারা রোববার (১৯ অক্টোবর) বেলা ১১টায় ঢাকা শিক্ষা বোর্ডের সামনে গণজমায়েত করার পরিকল্পনা নিয়েছে।
এই বিষয়টি ফেসবুকের ব্যক্তিগত আইডি ও গ্রুপে ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের মূল দাবিগুলো হলো—সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা; বোর্ড চ্যালেঞ্জে খাতার পুনঃনিরীক্ষণের পরিবর্তে পুনর্মূল্যায়ন করা; সব অংশের (এমসিকিউ, সিকিউ, প্রাকটিক্যাল) রিচেক করা; এবং ফেল করা বিষয়ের নম্বর আলাদাভাবে দেখিয়ে সম্মিলিতভাবে পাশের ব্যবস্থা করা। প্রধান আয়োজকদের নাম এখনও জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি নজরদারিতে রাখছে।

২০২৫ সালের এইচএসসি ফলাফলে দেশের ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৫৮.৮৩ শতাংশ। এটি ২০০৪ সালের পর সর্বনিম্ন। বিশেষ করে সিলেট বোর্ডে পাসের হার ৫১.৮৬ শতাংশ, যা গতবারের তুলনায় প্রায় ২৪ শতাংশ কম। কুমিল্লা বোর্ডে সবচেয়ে কম পাস হয়েছে, ৪৮.৮৬ শতাংশ। কারিগরি শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে ২৬ শতাংশের বেশি, যেখানে এবার পাস করেছে ৬২.৬৭ শতাংশ শিক্ষার্থী।

বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে পাসের হার সর্বোচ্চ ৭৮.৭২ শতাংশ, ব্যবসায় শিক্ষা ৫৫.৫৮ শতাংশ এবং মানবিক বিভাগে সবচেয়ে কম ৪৮.২৩ শতাংশ।

মতামত দিন