আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পর্তুগালে জনসমক্ষে বোরকা ও নিকাব নিষিদ্ধের আইন পাস।

নিজেস্ব প্রতিবেদক:

পর্তুগালের সংসদে সম্প্রতি এমন একটি আইন পাস হয়েছে যা জনসমক্ষে বোরকা ও নিকাব পরাকে সীমিত করবে। আইনটি প্রস্তাব করেছে ডানপন্থি চেগা দল।

সমালোচকরা মনে করছেন, আইনটির প্রকৃত লক্ষ্য মূলত মুসলিম নারীদের।

নতুন বিধান অনুযায়ী, কেউ ধর্মীয় বা লিঙ্গভিত্তিক কারণে মুখ ঢেকে রাখতে পারবে না। তবে বিমানবন্দর, কূটনৈতিক ভবন এবং উপাসনালয়ে মুখ ঢাকার অনুমতি থাকবে।

আইন ভঙ্গ করলে ২০০ থেকে ৪,০০০ ইউরো জরিমানা করা যেতে পারে, যা প্রায় ২৩ হাজার থেকে ৪ লাখ ৬০ হাজার টাকার সমান।

এখনও প্রেসিডেন্ট মার্সেলো রেবেলো দে সোসা আইনটি অনুমোদন করবেন কি না তা চূড়ান্ত হয়নি। তার সিদ্ধান্ত অনুসারে, এই আইন বাতিল বা কার্যকর করা সম্ভব।

যদি অনুমোদন দেন, পর্তুগাল ইউরোপের এমন দেশগুলোর সঙ্গে যুক্ত হবে যেখানে বোরকা নিষিদ্ধ—যেমন ফ্রান্স, বেলজিয়াম, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডস।

পর্তুগালে বোরকা বা নিকাব পরার সংখ্যা খুব কম হলেও, বিষয়টি দেশে বিতর্কের জন্ম দিয়েছে। চেগা দল দাবি করেছে, মুখ ঢেকে রাখা নারীদের স্বাধীনতা ও মর্যাদা ক্ষুণ্ণ করে।

অন্যদিকে, বামপন্থি এমপি পেদ্রো দেলগাদো আলভেস বলেন, এই আইন মূলত বিদেশি ও মুসলিম নারীদেরকে লক্ষ্য করে আনা হয়েছে।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

মতামত দিন