রাজনীতি
ছবি: সংগৃহীত

শিক্ষকদের ওপর হামলা সভ্য রাষ্ট্রের আচরণ নয়: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ।

নিজেস্ব প্রতিবেদক:

বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “যেভাবে রাস্তায় শিক্ষকদের উপর হামলা চালানো হয়েছে, তা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।”

রোববার (১২ অক্টোবর) আহত ও আন্দোলনরত শিক্ষকদের দেখতে গিয়ে তিনি বলেন, “এই ঘটনার মাধ্যমে সরকার তার মানবিকতার দেউলিয়া অবস্থাই প্রকাশ করেছে।

অবিলম্বে শিক্ষকদের কাছে ক্ষমা চাইতে হবে এবং যাদের আটক করা হয়েছে, তাদের দ্রুত মুক্তি দিতে হবে।”

হাসনাত বলেন, “আমাদের দেশের একজন শিক্ষক মাত্র ১২ হাজার ৫০০ টাকা বেতনে কর্মজীবন শুরু করেন। ৩০ বছরের বেশি সময় ধরে চাকরি করার পরও অনেকের বেতন ২২ হাজার টাকার বেশি হয় না। অথচ এক কেজি ইলিশ মাছের দাম এখন প্রায় তিন হাজার টাকা। শিক্ষকের মাসিক আয়ের ১৫ শতাংশ দিয়েও তা কেনা সম্ভব নয়। তবু তাদের জন্য ন্যূনতম বাড়িভাতা বৃদ্ধিতেও অনীহা দেখায় সরকার।”

তিনি আরও বলেন, “শিক্ষকরা সমাজের মর্যাদার প্রতীক, তাদের পোশাক-চলন-চেহারায় তা বজায় রাখতে হয়। কিন্তু বেতনের অপ্রতুলতায় মাসের শেষে তাদের চলাফেরায় অসহায়ত্ব তৈরি হয়। বিদেশে যেখানে শিক্ষাখাতকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হয়, সেখানে আমাদের দেশে শিক্ষকরা সবশেষে গুরুত্ব পান— এটি জাতির জন্য লজ্জার।”

বর্তমান সরকারের নীতির সমালোচনায় তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার শিক্ষাবান্ধব হবে— এমন আশা ছিল। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, তারা পদোন্নতি আর পোস্টিং নিয়েই ব্যস্ত। শেখ হাসিনার আমলে যারা টাকার বিনিময়ে ক্ষমতার স্লোগান দিয়েছে, তারাই এখনো পুরস্কৃত হচ্ছে।”

স্বাস্থ্য উপদেষ্টার বিদেশে চিকিৎসা নেওয়ার সমালোচনা করে হাসনাত বলেন, “যিনি দেশের স্বাস্থ্যব্যবস্থার দায়িত্বে আছেন, তারই বিদেশে চিকিৎসা নিতে যাওয়া অমানবিক ও নির্লজ্জ আচরণ। সাধারণ মানুষ যেখানে চিকিৎসা নেয়, তারও সেখানে চিকিৎসা নেওয়া উচিত ছিল।”

মতামত দিন