আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

গাজার পথে আটক বাংলাদেশের আলোকচিত্রী শহিদুল আলম।

নিজেস্ব প্রতিবেদক:

ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম। বুধবার (৮ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, গাজার উদ্দেশে যাত্রাকালে তাদের জাহাজকে আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী আটক করেছে।

ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন, “আমি শহিদুল আলম, বাংলাদেশি ফটোগ্রাফার ও লেখক। আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে বুঝবেন আমরা সমুদ্রে আটক হয়েছি এবং ইসরায়েলি বাহিনী আমাদের অপহরণ করেছে—যারা গাজায় গণহত্যা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির প্রত্যক্ষ সহযোগিতায়। আমি আমার সকল সহযোদ্ধা ও বন্ধুদের অনুরোধ জানাচ্ছি, তারা যেন ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে আন্দোলন চালিয়ে যান।”

গত ৩১ আগস্ট স্পেনের বার্সেলোনা থেকে গাজার অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দিতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামে একটি বহুজাতিক নৌবহর যাত্রা শুরু করে। এতে বিভিন্ন দেশের সাংবাদিক, মানবাধিকারকর্মী ও চিকিৎসা পেশাজীবীরা অংশ নেন। এরই অংশ হিসেবে ১ অক্টোবর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) জাহাজ কনশানস গাজা অভিমুখে যাত্রা করে। জাহাজটিতে শহিদুল আলমসহ আরও কয়েকজন আন্তর্জাতিক সাংবাদিক ও মানবাধিকারকর্মী ছিলেন।

মতামত দিন