ইসরায়েল সেনাবাহিনীকে গাজা দখল অভিযান বন্ধের নির্দেশ।
ইসরায়েল সরকার গাজায় সেনাবাহিনীকে আক্রমণাত্মক অভিযান স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। সরকারি ‘আর্মি রেডিও’র খবর অনুযায়ী, রাজনৈতিক নেতৃত্ব এখন কেবল প্রতিরক্ষামূলক পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে, ফলে গাজা সিটি দখলের পরিকল্পনা আপাতত বাতিল হয়েছে।
এই সিদ্ধান্ত আসে তখনই, যখন হামাস যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের সঙ্গে আংশিক সমঝোতায় আসে। সাংবাদিক ডরোন কাদোস জানান, সেনাবাহিনীকে সামরিক কার্যক্রম ‘সর্বনিম্ন’ পর্যায়ে নামানোর নির্দেশ দেওয়ার মানে হলো হামাস-নিয়ন্ত্রিত এলাকায় আগ্রাসন আপাতত বন্ধ রাখা।
ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, হামাস সব জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানালে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত প্রথম ধাপ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। গত শুক্রবার, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে ২০ দফা শান্তি প্রস্তাব মেনে নেওয়ার জন্য সময়সীমা বেঁধেছিলেন। সময় শেষ হওয়ার কিছু ঘণ্টা আগে হামাস আংশিক সম্মতি প্রকাশ করে।
হোয়াইট হাউসের পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে, গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতি, ৭২ ঘণ্টার মধ্যে ২০ জন জীবিত জিম্মি মুক্তি এবং মৃতদের দেহ হস্তান্তরের শর্ত থাকছে। বিনিময়ে ইসরায়েলও শত শত বন্দিকে মুক্তি দেবে। ট্রাম্প হামাসের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং এটি স্থায়ী শান্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছেন।

মতামত দিন