আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর হাতে আটক গাজা ফ্লোটিলার কর্মীদের অনির্দিষ্টকালের অনশন শুরু।

নিজেস্ব প্রতিবেদক: 

গাজার মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-র কর্মীরা ইসরায়েলি নৌবাহিনীর হাতে আটক হওয়ার পর অনির্দিষ্টকালের অনশন শুরু করেছেন। আন্তর্জাতিক ‘গাজার অবরোধ ভাঙার কমিটি’ শুক্রবার (৩ অক্টোবর) এ বিষয়টি নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক জলসীমায় হামলার সময় ফ্লোটিলার জাহাজে থাকা কর্মীরা আটক হন এবং দ্রুতই অনশন শুরু করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘটনাটিকে তীব্র নিন্দা জানিয়ে বলেন, মানবাধিকার কর্মীরা ফিলিস্তিনিদের সাহায্য পৌঁছে দিতে যাচ্ছিলেন, কিন্তু ইসরায়েল তাদের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও উল্লেখ করেন, এ ধরনের হামলা ইসরায়েল সরকারের বর্বরতার পরিচায়ক এবং গণহত্যার প্রচেষ্টার প্রমাণ।

ইস্তাম্বুলের প্রধান প্রসিকিউটরের কার্যালয় ইতোমধ্যেই এই ঘটনায় আটক তুর্কি নাগরিকদের বিষয়ে তদন্ত শুরু করেছে। খবর অনুযায়ী, ফ্লোটিলায় থাকা ২৪ জন তুর্কি নাগরিককে ইসরায়েলি বাহিনী আটক করেছে।

গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়ে প্রায় ৪৪টি জাহাজে হামলা চালিয়ে অধিকাংশ জাহাজ জব্দ করেছে ইসরায়েলি নৌবাহিনী। এতে ৫০টিরও বেশি দেশের ৪৫০-এর বেশি কর্মী আটক হয়েছেন। ফ্লোটিলার লক্ষ্য ছিল দীর্ঘমেয়াদি অবরোধ ভেঙে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় ৬৬ হাজার ২০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ নারী ও শিশু। জাতিসংঘ ও বিভিন্ন মানবাধিকার সংস্থা সতর্ক করে বলছে, গাজা এখন বসবাসের অযোগ্য হয়ে পড়েছে এবং সেখানে দুর্ভিক্ষ ও রোগবালাই দ্রুত ছড়িয়ে পড়ছে।

মতামত দিন