আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বাজেট জটিলতায় যুক্তরাষ্ট্রে ফের ফেডারেল সরকার শাটডাউন।

নিজেস্ব প্রতিবেদক: 

বাজেট নিয়ে কংগ্রেসে অচলাবস্থার কারণে যুক্তরাষ্ট্রে আবারও ফেডারেল সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে গেছে। স্থানীয় সময় মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই শাটডাউনের ফলে লাখ লাখ সরকারি কর্মচারীর বেতন অনিশ্চিত হয়ে পড়েছে, আর সাধারণ জনগণও বিভিন্ন সরকারি সেবায় ভোগান্তির আশঙ্কায় পড়েছেন।

প্রায় পাঁচ বছর পর যুক্তরাষ্ট্রে ফের এমন পরিস্থিতি সৃষ্টি হলো। সিনেটে ব্যয় সংক্রান্ত বিল আটকে যাওয়ায় আগেই শাটডাউনের সম্ভাবনার কথা উঠে এসেছিল। ডেমোক্র্যাট ও রিপাবলিকান দুই পক্ষই এর দায় একে অপরের ওপর চাপাচ্ছেন।

এবারের শাটডাউন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে প্রথম বড় সংকট হিসেবে ধরা হচ্ছে। গত সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং কংগ্রেসনেতাদের মধ্যে বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বরং উভয় দল নিজেদের অবস্থান থেকে সরতে অস্বীকৃতি জানায়। ফলে মঙ্গলবার রাতেই বাজেট বিল পাস না হওয়ায় শাটডাউন কার্যকর হয়।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাংবাদিকদের সামনে অভিযোগ করে বলেন, ডেমোক্র্যাটরা সমঝোতার পথে হাঁটছে না। তার ভাষায়, “আপনি নাগরিকদের ওপর চাপ সৃষ্টি করে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেন না।”

তবে প্রশাসন জানিয়েছে, স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও অন্যান্য জরুরি কার্যক্রম স্বাভাবিকভাবেই চালু থাকবে। এসব খাতে কর্মরতরা শাটডাউনের বাইরে থাকবেন।

উল্লেখ্য, ট্রাম্পের প্রথম মেয়াদে দীর্ঘ ৩৫ দিনের শাটডাউন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন হয়েছিল। সেটি শেষ হয়েছিল কেবল তখনই, যখন এয়ার ট্রাফিক কন্ট্রোলাররা বেতন ছাড়া দায়িত্ব পালন করতে অস্বীকার করে বিমান চলাচল স্থবির করার হুমকি দিয়েছিলেন।

এবারের অচলাবস্থা কতদিন স্থায়ী হবে তা এখনও অনিশ্চিত। তবে দুই দলই নিজেদের অবস্থান থেকে সরে আসতে অনীহা প্রকাশ করায় দ্রুত সমাধানের সম্ভাবনা দেখা যাচ্ছে না।

মতামত দিন