জাতীয়
ছবি: সংগৃহীত

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন আর নেই।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন (৭৫) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ঢামেকের সহকারী কারা মহাপরিদর্শক মো. জান্নাত-উল ফরহাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে নূরুল মজিদকে ঢামেকের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। তবে অবস্থার অবনতি হলে রোববার বিকেল ৪টার দিকে তাকে পুরাতন ভবনের পঞ্চম তলায় আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টা ১০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে, তার ছেলে মনজুরুল মজিদ মাহমুদ সাদি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে বাবার মৃত্যুর খবর নিশ্চিত করে লিখেছেন, “আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।  দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাঁকে জান্নাত নসিব করুন।”  

সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ আর নেই

উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‍্যাব সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূনকে গ্রেপ্তার করে। পরে নরসিংদীতে একটি হত্যা মামলায় আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

গত বছরের ৪ আগস্ট নরসিংদীর মাধবদী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলা, আক্রমণ ও হত্যার ঘটনায় দায়ী করে মামলাটি দায়ের করা হয়েছিল।

মতামত দিন