খাগড়াছড়িতে ৭ প্লাটুন বিজিবি মোতায়েন, জেলায় ১৪৪ ধারা জারি।
জেলা প্রশাসনের পরিপত্রে বলা হয়, আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বিবেচনায় দুপুর ২টা থেকে এই আদেশ কার্যকর করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
এর আগে সকাল থেকেই নারী নির্যাতন বন্ধ ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ শুরু হয়। এতে সাজেকে প্রায় দুই হাজার এবং খাগড়াছড়ি শহরে আরও হাজারখানেক পর্যটক আটকা পড়েন। সেনাবাহিনী আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দিয়ে ফেরত আনার চেষ্টা চালাচ্ছে।
অবরোধ চলাকালে চেঙ্গী ব্রিজ, চেঙ্গী স্কয়ার ও মহাজনপাড়াসহ বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে সমর্থকরা। আঞ্চলিক মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কেও গাছ ফেলে চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা খাগড়াছড়িগামী নৈশ কোচগুলো আটকা পড়ে। অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার যান চলাচল বন্ধ হয়ে যায়, দুর্ভোগে পড়েন যাত্রীরা।
গত মঙ্গলবার খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালা এলাকায় এক মারমা স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয়। সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করে ছয় দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করেই বুধবার থেকে বিক্ষোভ শুরু হয়, বৃহস্পতিবার আধাবেলা অবরোধ এবং শুক্রবার মহাসমাবেশের পর শনিবার সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়।
এই আন্দোলনে সংহতি জানিয়েছে ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুবফোরাম।

মতামত দিন