অপরাধ
ছবি: সংগৃহীত

যশোরে মাছ ব্যবসায়ী চোর সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যা মামলায় ৪ জন আটক।

নিজেস্ব প্রতিবেদক:

যশোরের অভয়নগরে চোর সন্দেহে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা মাছ ব্যবসায়ী নসিব তালুকদারের (৫১) হত্যাকাণ্ডে মামলা দায়ের হয়েছে। নিহতের স্ত্রী তানিয়া বেগম ওরফে পারভীন বাদী হয়ে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে অজ্ঞাতনামা ৮-১০ জনকে আসামি করে অভয়নগর থানায় মামলা করেন।


পুলিশ ইতোমধ্যে ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে। তারা হলেন—সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা গ্রামের মৃত কৃষ্ণপদ বিশ্বাসের তিন ছেলে গোবিন্দ বিশ্বাস, প্রদীপ বিশ্বাস ও তারাপদ বিশ্বাস এবং মৃত কমলেশ দত্তের ছেলে উত্তম দত্ত।

নিহত নসিব তালুকদার বাগেরহাটের চিতলমারী উপজেলার সাবোখালী গ্রামের বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়ি যশোরের অভয়নগরের শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামে স্ত্রী ও ছেলে বাপ্পিকে নিয়ে বসবাস করতেন।

অভয়নগর থানার ওসি এম রবিউল ইসলাম জানান, মামলা হওয়ার পরপরই সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে এবং শনিবার তাদের আদালতে পাঠানো হয়েছে। হত্যার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে, পাশাপাশি বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

মামলার এজাহার অনুযায়ী, বুধবার রাত ৮টার দিকে নসিব তালুকদার বাড়ি থেকে বেরিয়ে গোপিনাথপুর বাজারে যান। পরদিন সকালে স্থানীয়রা সিদ্ধিপাশা ইউনিয়নের নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তার রক্তাক্ত মরদেহ দেখতে পান। পরিবারের দাবি, তাকে মৎস্যঘেরের মাছ চুরির অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার ভোর রাতে নলামারা গ্রামের একটি মৎস্যঘেরে মাছ চুরির সময় তাকে ধাওয়া করা হয়েছিল বলে জানা যায়। পরে সেখান থেকে পালিয়ে যাওয়ার পর সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

মতামত দিন