উত্তর কোরিয়া–মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়া ও মিয়ানমারের মধ্যে চলমান অবৈধ অস্ত্র ব্যবসা এবং এর সঙ্গে জড়িত দুই সরকারি সংস্থা ও পাঁচ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিবৃতিতে বলা হয়, ২০২১ সালে মিয়ানমারে অভ্যুত্থান ঘটার পর সেনাবাহিনী উত্তর কোরিয়া থেকে অস্ত্র, গোলাবারুদ এবং সামরিক সরঞ্জাম ক্রয় বাড়িয়েছে। এই লেনদেন দুই প্রতিষ্ঠান—মিয়ানমারের রয়্যাল শুন লেই কোম্পানি লিমিটেড এবং কোরিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কোমিডের মাধ্যমে পরিচালিত হয়।
নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রয়্যাল শুন লেই কোম্পানির পরিচালক অউং কো কো উ এবং দুই শীর্ষ কর্মকর্তা কিয়াও থু মিয়ো মিন্ত ও তিন মিও অউং। কোমিডের পক্ষ থেকে উপপরিচালক কিম ইয়ং জু এবং কর্মকর্তা ন্যাম চোল উ-ও অন্তর্ভুক্ত। তদন্তে দেখা গেছে, তারা মিয়ানমারের কোম্পানির সঙ্গে যোগাযোগ রক্ষা, অস্ত্র সরবরাহ এবং লেনদেনের অর্থ উত্তর কোরিয়ার সরকার ও গোয়েন্দা সংস্থার অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন।
যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি জন হার্লে বলেন, “উত্তর কোরিয়ার অস্ত্র উৎপাদন ও বাণিজ্য নেটওয়ার্ক আন্তর্জাতিকভাবে অবৈধ এবং এটি যুক্তরাষ্ট্র ও মিত্র রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ।”
রয়টার্স জানিয়েছে, নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া জানতে উত্তর কোরিয়ার জাতিসংঘ প্রতিনিধি দল ও যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মতামত দিন