অপরাধ
ছবি: সংগৃহীত

দুদকের আবেদনে এস আলম গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আদেশ জারি।

নিজেস্ব প্রতিবেদক:

আলোচিত ব্যবসায়ী প্রতিষ্ঠান এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ এবং পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুদকের আবেদনের ভিত্তিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আবেদনটি করেছিলেন দুদকের উপপরিচালক তাহসিন মুনাবিল হক। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের আবেদনে বলা হয়েছে, আসামিরা পরস্পরের যোগসাজশে ভুয়া প্রতিষ্ঠান এএম ট্রেডিং গড়ে তুলে  জাল নথি ব্যবহার করে ১০৪ কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন। এই অর্থ এস আলম সুপার ইডিবল ওয়েলের স্বার্থে স্থানান্তর ও পুনর্বিন্যাস করা হয়, যার অঙ্ক প্রায় ৩৪০ কোটি টাকা। এসব কর্মকাণ্ড দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনের বিভিন্ন ধারায় অপরাধ হিসেবে গণ্য।

তদন্ত চলাকালে তাদের আটক করার একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়। তারা বিদেশে অবস্থান করছেন বলে দুদক জানিয়েছে। এজন্য ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতারি পরোয়ানা কার্যকরের আবেদন করা হয়।

আগের সম্পদ জব্দের পদক্ষেপ

এস আলম গ্রুপ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এর আগেও বড় অঙ্কের সম্পদ জব্দ ও হিসাব অবরুদ্ধের একাধিক নির্দেশ দিয়েছে আদালত।

  • গত ৯ জুলাই ৫৩ ব্যাংকে থাকা ১১৩ কোটি টাকার বেশি হিসাব অবরুদ্ধ করা হয়।

  • গত ২৪ জুন সাইপ্রাস, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ও অন্যান্য স্থানে থাকা বিনিয়োগ ও সম্পদ জব্দের নির্দেশ আসে।

  • এ ছাড়া চলতি বছরের বিভিন্ন সময়ে জমি, শেয়ার ও ব্যাংক হিসাব মিলিয়ে কয়েক হাজার কোটি টাকার সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।

  • ২০২৩ সালের অক্টোবরে সাইফুল আলম, তার স্ত্রী ও পরিবারের ১২ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞাও জারি হয়।

মতামত দিন