জাতীয়
ছবি: সংগৃহীত

রেলওয়ে থানায়ও চালু হচ্ছে অনলাইন জিডি।

নিজেস্ব প্রতিবেদক:

বাংলাদেশ পুলিশের রেলওয়ে ইউনিটের সব থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে চালু হচ্ছে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। এতে করে দেশের ছয়টি জেলার মোট ২৪টি রেলওয়ে থানা যুক্ত হবে জাতীয় অনলাইন জিডি প্ল্যাটফর্মে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এই সংযোজনের মধ্য দিয়ে দেশের সব থানায় অনলাইন জিডি সেবা চালুর কাজ সম্পন্ন হলো। ফলে এখন থেকে সাধারণ নাগরিকরা থানায় না গিয়ে ঘরে বসেই সহজে জিডি করতে পারবেন।

প্রধান উপদেষ্টার নির্দেশে পুলিশি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগের অংশ হিসেবেই এই কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পুলিশ।

সেবাটি পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ (Online GD) অ্যাপ ডাউনলোড করে রেজিস্ট্রেশন করতে হবে। একবার রেজিস্ট্রেশন সম্পন্ন হলে ভবিষ্যতে একাধিকবার এ সেবা ব্যবহার করা যাবে। কোনো সমস্যা দেখা দিলে সার্বক্ষণিক হটলাইন নম্বর ০১৩২০০০১৪২৮–এ যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের মিডিয়া ও জনসংযোগ শাখার এআইজি এ এইচ এম শাহাদাত হোসাইন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনগণের কাছে দ্রুততম সময়ে সহজ সেবা পৌঁছে দিতে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ধ। ভবিষ্যতে এই প্ল্যাটফর্মে ডিজিটাল তদন্ত ও মামলার অগ্রগতি পর্যবেক্ষণের সুবিধাও যুক্ত করা হবে।

মতামত দিন