ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা সৌদির রেড লাইন অতিক্রম করলেই ব্যাবস্থা নেওয়া হবে।
ইসরায়েলকে কঠোর সতর্কবার্তা দিয়েছে সৌদি আরব। জানানো হয়েছে, পশ্চিম তীর দখলদারদের জন্য রেড লাইন—এটি অতিক্রম করলে সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রিয়াদ।
রোববার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার যে ধারা শুরু হয়েছে, তার জবাবে পশ্চিম তীরের কোনো অংশ ইসরায়েলের সঙ্গে সংযুক্ত হলে ব্যাপক প্রভাব পড়বে।
তবে সৌদি কী পদক্ষেপ নেবে, তা স্পষ্ট করে বলা হয়নি। ধারণা করা হচ্ছে, ইসরায়েলের সঙ্গে চলমান স্বাভাবিকীকরণ প্রক্রিয়া স্থায়ীভাবে বাতিল করতে পারে তারা। এমনকি ২০২২ সাল থেকে ইসরায়েলি বিমান যে সৌদির আকাশসীমা ব্যবহার করছে, সেটিও বন্ধ করে দেওয়া হতে পারে।
বিশ্লেষকদের মতে, পশ্চিম তীর সংযুক্তির চেষ্টা হলে দুই দেশের মধ্যে নীরবে গড়ে ওঠা বাণিজ্য ও নিরাপত্তা সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে আব্রাহাম চুক্তি হুমকির মুখে পড়তে পারে। আর সেটি ভেঙে গেলে নতুন করে আরব-ইসরায়েল যুদ্ধের ঝুঁকি দেখা দেবে। এর আগেই সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছিল—পশ্চিম তীর দখলই তাদের জন্যও চূড়ান্ত রেড লাইন, যা আঞ্চলিক সম্পর্ক গঠনের উদ্যোগ থামিয়ে দেবে।
এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান সব দেশের প্রতি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, দ্বি-রাষ্ট্রীয় সমাধান কার্যকর করতে এই স্বীকৃতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন ঐতিহাসিক সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির প্রচেষ্টাকে এগিয়ে নেবে।
সম্প্রতি যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। এর আগে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে একই পথে হেঁটেছিল। কূটনৈতিক মহলে ধারণা, আরও কিছু ইউরোপীয় দেশ দ্রুত এই তালিকায় যুক্ত হবে।

মতামত দিন