জাতীয়
ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় সীমান্তবর্তী ৪৮টি পূজা মণ্ডপে বিজিবির সর্বোচ্চ নিরাপত্তা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন নিশ্চিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন-৩৩ এর পক্ষ থেকে টহল, রেকি ও মোবাইল পেট্রোল কার্যক্রম চালানো হচ্ছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে ভোমরা পুরাতন হাটখোলা সার্বজনীন পূজা মণ্ডপে যান যশোর রিজিয়ন কমান্ডার, খুলনা সেক্টর কমান্ডার ও ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক। তিনি স্থানীয় পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং নগদ অর্থ ও মিষ্টি উপহার দেন।

বিজিবি সূত্রে জানা যায়, সাতক্ষীরা সদর ও কলারোয়া সীমান্তে মোট ৪৮টি পূজা মণ্ডপে উৎসব অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে ঝাউডাঙ্গা ১৫টি, গাজীপুর ৬টি, বাঁকাল ও কাকডাঙ্গা ৪টি করে, ঘোনা ও কুশখালী ৩টি করে, হিজলদী ও চান্দুরিয়া ২টি করে এবং ভোমরা, বৈকারী ও মাদরায় একটি করে মণ্ডপ। এসব মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী ১৫টি বিওপি/ক্যাম্প ও একটি বেইজ ক্যাম্প সক্রিয় রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, পূজা উদযাপন কমিটি, স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার বাহিনীর সঙ্গে সমন্বয় রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হচ্ছে। সম্ভাব্য অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে ব্যাটালিয়নের পক্ষ থেকে একটি বিশেষ মনিটরিং সেল গঠন করা হয়েছে, যা তাৎক্ষণিক নিরাপত্তা সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

মতামত দিন