ভোলার তেঁতুলিয়া নদীতে পড়ে যাওয়া ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে মা নিখোঁজ।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীতে ছেলেকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে পানিতে তলিয়ে গেছেন জেসমিন (৩৬) নামে এক নারী। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সকালে বাড়ির পাশে খেলার সময় জেসমিনের প্রতিবন্ধী ছেলে তানজিল (১৭) নদীতে পড়ে যায়। মুহূর্তেই তাকে টেনে তুলতে ঝাঁপ দেন মা, কিন্তু শক্ত স্রোতে ভেসে আর উঠে আসতে পারেননি তিনি। তবে কিছুক্ষণ পর প্রতিবেশীরা তানজিলকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন।
জেসমিনের শ্বশুর মো. শাজাহান জানান, নাতিকে ফিরে পেয়েও বউমাকে না পেয়ে তারা হতাশায় ভেঙে পড়েছেন।
খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল ১০টা থেকে অভিযান শুরু করে, কিন্তু বিকেল ৪টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, তারা বিষয়টি অবগত আছেন, তবে এ নিয়ে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।
মতামত দিন