কুষ্টিয়ায় রোগীবাহী অ্যাম্বুলেন্সে ডাকাতি, ৩০ হাজার টাকা ছিনতাই।
কুষ্টিয়ার দৌলতপুরে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাতের দিকে রোগী পরিবহনের একটি অ্যাম্বুলেন্সে ডাকাতির ঘটনা ঘটেছে। খলিশাকুণ্ডি ইউনিয়নের পিপুলবাড়িয়া মাঠ এলাকায় রাত ১টার দিকে ডাকাতরা অ্যাম্বুলেন্স থামিয়ে রোগীর স্বজনদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্ট্রোক আক্রান্ত রোগী লিটনকে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ডাকাতরা পথরোধ করেন। তারা পিপুলবাড়িয়া মাঠের যাত্রীছাউনির সামনে রাস্তার ওপর গাছের গুঁড়ি ফেলে যান চলাচল বন্ধ করে দেন। এরপর পাঁচ-ছয়জনের ডাকাত দল দেশীয় অস্ত্র হাতে অ্যাম্বুলেন্স চালক ও যাত্রীদের জিম্মি করে।
অ্যাম্বুলেন্স চালক রতন জানান, রাতের আঁধারে রোগীকে অক্সিজেন সহ কুষ্টিয়ায় পৌঁছে দিতে যাচ্ছিলেন। গাড়িতে রোগী ও তার স্বজনসহ মোট চারজন ছিলেন। ডাকাতরা গাড়ি থামিয়ে চালকের গলায় অস্ত্র ঠেকিয়ে টাকা ছিনিয়ে নেয় এবং কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে যায়।
রোগীর স্বজন জালাল বলেন, “আমরা চালককে অন্য নিরাপদ পথ বেছে নেয়ার জন্য বলেছিলাম, কিন্তু তিনি ওই রুটে গিয়েছিলেন। ডাকাতরা আমাদের কাছ থেকে প্রায় ৩০ হাজার টাকা নিয়ে যায়। পরে রাত ২টার দিকে রোগীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করি।”
দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল হাসান তুহিন বলেন, “রাত সাড়ে ১২টার দিকে ডায়াবেটিস ও হৃদরোগজনিত সমস্যায় লিটন নামে রোগী ভর্তি হন। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়ায় পাঠানো হয়। পথে এমন ঘটনা সত্যিই উদ্বেগজনক।”
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ বলেন, “ডাকাতির বিষয়ে এখন পর্যন্ত আমাদের কাছে কোনো অভিযোগ পৌঁছায়নি। বিষয়টি তদন্তের জন্য আমরা প্রস্তুত।”
মতামত দিন