খুলনায় আবারও নগর পরিবহন চালুর উদ্যোগ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলনায় আবারও টাউন সার্ভিস চালুর সিদ্ধান্ত হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার মঙ্গলবার এক অংশীজন সভায় জানান, আগামী অক্টোবরের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের দুটি বাস দিয়ে এ সেবা শুরু করা হবে।
খুলনায় একসময় পঞ্চাশটির বেশি নগর পরিবহন বাস চলাচল করত। তবে ধীরে ধীরে বন্ধ হয়ে ২০২০ সালে পুরোপুরি বন্ধ হয়ে যায়। তারপর থেকেই সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা দীর্ঘদিন এ সেবা ফের চালুর দাবি জানিয়ে আসছিল।
২০২২ সালে আন্দোলনের মুখে কিছুদিন টাউন সার্ভিস চালু হলেও ইজিবাইক, মাহিন্দ্রা ও সিএনজির সঙ্গে প্রতিযোগিতা এবং যাত্রী সংকটের কারণে দ্রুত তা বন্ধ হয়ে যায়।
নতুন উদ্যোগকে স্বাগত জানিয়েছে শিক্ষার্থী, নাগরিক সমাজ ও বিভিন্ন সংগঠন। নিরাপদ সড়ক চাই খুলনা মহানগরের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না বলেন, প্রাথমিকভাবে দুটি রুটে বাস নামানো নগরবাসীর জন্য ইতিবাচক খবর হলেও ধীরে ধীরে রুট ও বাস বাড়ানো জরুরি।
তিনি প্রস্তাব দেন, রূপসা-ফুলতলা, শিববাড়ী-সোনাডাঙ্গা-বয়রা, ফেরিঘাট-জোড়াগেট-পলিটেকনিক-মহসীন কলেজ-পিপলস মিল-নতুন রাস্তা এবং রূপসা ব্রিজ-লবণচরা-শিপইয়ার্ড-জজ কোর্টসহ একাধিক রুটে সিটি সার্ভিস চালুর ব্যবস্থা করা প্রয়োজন।
তবে অনেকের মতে, পরিকল্পনা অনুযায়ী সঠিকভাবে বাস্তবায়ন ও বিকল্প পরিবহনের নিয়ন্ত্রণ ছাড়া এই উদ্যোগ টেকসই হবে না। তাদের আশঙ্কা, শৃঙ্খলা না থাকলে আবারও টাউন সার্ভিস বন্ধ হয়ে যেতে পারে।
দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনায় দীর্ঘদিন ধরে এ সেবা বন্ধ থাকায় নগরবাসী বড় ধরনের বঞ্চনার শিকার হয়েছেন। সফলভাবে চালু হলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি শিক্ষার্থী ও নিম্ন আয়ের মানুষের আর্থিক চাপও অনেকটা হালকা হবে।
মতামত দিন