আমরা প্রতিশ্রুতি পূরণ করছি,এই ভূমিতে কোনও ফিলিস্তিন রাষ্ট্র হবে না: নেতানিয়াহু।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণের ঘোষণা দিয়েছেন। জেরুজালেমের পূর্ব মালে আদুমিম এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, এই ভূমিতে কোনও ফিলিস্তিন রাষ্ট্রের জায়গা নেই—আমরা আমাদের প্রতিশ্রুতি পূরণ করছি।
নতুন পরিকল্পনা অনুযায়ী, বিতর্কিত ই১ জোনে ৩ হাজার ৪০০ বাড়ি নির্মিত হবে। এতে পূর্ব জেরুজালেমকে কার্যত পশ্চিম তীর থেকে আলাদা করে দেওয়া হবে। অথচ বহু বছর ধরেই ফিলিস্তিনিরা পূর্ব জেরুজালেমকে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে। আন্তর্জাতিক আইনও ১৯৬৭ সালের পর নির্মিত সব বসতিকে অবৈধ বলে ঘোষণা করেছে।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের মুখপাত্র নাবিল আবু রুদেইনা সতর্ক করে বলেছেন, শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ হলো পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন। তার মতে, নেতানিয়াহুর পদক্ষেপ গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে।
জাতিসংঘ দীর্ঘদিন ধরেই বসতি সম্প্রসারণ বন্ধের আহ্বান জানিয়ে আসছে। জার্মানি, ফ্রান্স ও বেলজিয়াম দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানকে সমর্থন করলেও যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া এখনো তাদের অবস্থান স্পষ্ট করেনি।
এদিকে পশ্চিম তীর ও গাজায় সহিংসতা নতুন মাত্রা পেয়েছে। জেরুজালেমে সাম্প্রতিক বন্দুক হামলায় ছয়জন নিহত হন। একই সঙ্গে ২০২৩ সালের যুদ্ধ শুরুর পর থেকে গাজায় প্রাণহানি ৬৪ হাজার ছাড়িয়েছে।

মতামত দিন