সুন্দরবনে অপহৃত ৯ জেলে উদ্ধার, দুই বনদস্যু আটক।
সুন্দরবনের গভীর বনে মুক্তিপণের দাবিতে অপহৃত ৯ জেলেকে নিরাপদে উদ্ধার করেছে কোস্টগার্ড। অভিযানের সময় দুই বনদস্যুকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করা হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) কোস্টগার্ডের বিসিজিএস স্বাধীন বাংলার নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মো. তানভীর উদ্দিন প্রান্ত জানান, ভোরে পশুর নদী সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুদের কবল থেকে জেলেদের উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া জেলেরা খুলনা জেলার দাকোপ উপজেলার বাসিন্দা।
তারা ৩ সেপ্টেম্বর মাছ ধরতে নদীতে যান। এরপর বৃহস্পতিবার রাঙা বাহিনী তাদের আটক করে মুক্তিপণের দাবিতে হুমকি দেয়। শুক্রবার ভোরে কোস্টগার্ডের দল দস্যুদের অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করে।
আটক করা হয়েছে নাসির মোল্লা ও মিন্টু সরদারকে। অভিযানের সময় তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২টি একনলা বন্দুক, ২ রাউন্ড তাজা গুলি এবং ৮ রাউন্ড ফাঁকা গুলি।
লেফটেন্যান্ট তানভীর উদ্দিন প্রান্ত জানান, উদ্ধার হওয়া জেলে ও আটক দস্যুদের বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

মতামত দিন