কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল ৩০ কেজির বিশাল তবলা মাছ।
পটুয়াখালীর কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক বিশাল তবলা মাছ বা ট্রেভ্যালি ফিশ জেলের জালে ধরা পড়েছে। মাছটি দেখার জন্য স্থানীয়দের মধ্যে আগ্রহ বেড়ে যায়।
মহিপুর মৎস্য বন্দরে বৃহস্পতিবার বিকেলে মাছটি আনা হয়। স্থানীয়রা জানান, মাছটি ‘তবলি’, ‘বগা’ বা ‘খাঁদিয়া’ নামেও পরিচিত। সুস্বাদু ও প্রোটিনসমৃদ্ধ হওয়ায় ভোজনরসিকদের কাছে এটি জনপ্রিয়, বিশেষ করে মাংসে কাঁটা কম থাকার কারণে।
ধরা পড়া মাছটির ওজন প্রায় ৩০ কেজি। নিলামে কেজি প্রতি প্রায় ৮০০ টাকায় এটি বিক্রি হয়েছে, মোট দাম ২৪ হাজার টাকা। জেলেদের মতে, বঙ্গোপসাগরের গভীর সমুদ্র এলাকা হলেও এত বড় আকারের মাছ ধরা খুব কম হয়।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “এটি ক্যারেনজিট ফ্যামিলির ফ্যাজেলি প্রজাতির মাছ। সাধারণত এ ধরনের মাছ বড় হয় এবং স্বাদে উৎকৃষ্ট। অর্থনৈতিক দিক থেকেও এর গুরুত্ব রয়েছে। আশা করি, ভবিষ্যতে আরও বেশি জেলেদের জালে এই ধরনের মাছ ধরা পড়বে এবং তারা লাভবান হবেন।”
মৎস্যজীবীরা আশাবাদ ব্যক্ত করেছেন, ধীরে ধীরে এ ধরনের মাছের সংখ্যা বেড়ে এলে স্থানীয় অর্থনীতি ও জেলেদের আয়ের উৎসেও ইতিবাচক প্রভাব পড়বে।
মতামত দিন