ইয়েমেনের জাতীয় জাদুঘরে ইসরায়েলের বিমান হামলা।
ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের জাতীয় জাদুঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) ওই হামলার ঘটনা ঘটে বলে একদিন পর হুথি সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, ঐতিহাসিক ভবনের সামনের অংশ ধ্বংস হয়ে গেছে। তবে ভেতরে থাকা হাজার হাজার ঐতিহাসিক নিদর্শনের অবস্থা এখনো নিশ্চিত নয়। হুথি মন্ত্রণালয়ের আশঙ্কা, এসব নিদর্শন গুরুতর ক্ষতির ঝুঁকিতে রয়েছে।
এ হামলার নিন্দা জানাতে এবং ঐতিহাসিক সম্পদ রক্ষায় দ্রুত হস্তক্ষেপের জন্য মন্ত্রণালয় ইউনেস্কোর প্রতি আহ্বান জানিয়েছে। একই দিনে ইয়েমেনজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৩৫ জন নিহত ও ১৩০ জনেরও বেশি আহত হয়েছেন বলে হুথি কর্তৃপক্ষ দাবি করেছে।
এদিকে লেবাননের পূর্বাঞ্চলীয় বেকা উপত্যকায় হিজবুল্লাহর একটি অস্ত্র কারখানায় ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। বৃহস্পতিবার দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ওই হামলায় কারখানাটি প্রায় ধ্বংস হয়ে গেছে। আইডিএফ নিশ্চিত করেছে যে, লক্ষ্যবস্তু ছিল হিজবুল্লাহর কৌশলগত অস্ত্র উৎপাদন ও সংরক্ষণাগার, যা সন্ত্রাসী কাজে অস্ত্র সরবরাহের জন্য ব্যবহৃত হচ্ছিল।
আইডিএফ আরও জানিয়েছে, এর আগেও একাধিকবার একই স্থাপনাকে লক্ষ্য করা হয়েছিল। পাশাপাশি দক্ষিণ লেবাননের জারিয়ার শহরেও হিজবুল্লাহর অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। আইডিএফের দাবি, সেসব স্থাপনা সন্ত্রাসী কার্যক্রমের অংশ, যা ইসরায়েল–লেবানন সমঝোতার লঙ্ঘন এবং এমন লঙ্ঘন তারা কখনো মেনে নেবে না।

মতামত দিন