রাজনীতি
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে ভিপি পদে সাদিক কায়েম, জিএস ফরহাদ ও এজিএস মহিউদ্দীন বিজয়ী।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বড় ব্যবধানে তিনটি শীর্ষ পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত ও স্বতন্ত্র প্রার্থীরা। ভিপি পদে সাদিক কায়েম, জিএস পদে এস এম ফরহাদ এবং এজিএস পদে মহিউদ্দীন খান বিজয়ী হয়েছেন।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে দেড় ঘণ্টাব্যাপী আনুষ্ঠানিক ফল  ঘোষণা করা হয়। এর আগে মঙ্গলবার দিবাগত রাত থেকে হলে হলে ভোট গণনা চলেছে।

ঘোষিত ফলে দেখা যায়—ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন ১৪ হাজার ৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম পান ৫ হাজার ৭০৮ ভোট। উমামা ফাতেমা পান ৩ হাজার ৩৮৯, শামীম  হোসেন পান ৩ হাজার ৮৮৩ এবং বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থী আব্দুল কাদের পান ৬৬৮ ভোট।

জিএস পদে ফরহাদ ১০ হাজার ৭৯৪ ভোট পেয়ে এগিয়ে থাকেন। অন্যদিকে শেখ তানভীর বারী হামিম পান ৫ হাজার ২৮৩, মেঘমল্লার বসু পান ৪ হাজার ৬৪৫ এবং আবু বাকের মজুমদার পান ২ হাজার ১৩১ ভোট।

এজিএস পদে মহিউদ্দীন খান ১১ হাজার ৭৭২ ভোটে জয়ী হন, যেখানে তানভীর আল হাদী মায়েদ পান ৫ হাজার ৬৪ ভোট।

চীফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন বলেন, এবারের ডাকসু নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও উৎসবমুখর। তার ভাষায়, “এটি অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য উদাহরণ হয়ে থাকবে।”

হলে হলে ভোটের ফলাফলে ভিন্ন চিত্র দেখা গেলেও সামগ্রিকভাবে সাদিক, ফরহাদ ও মহিউদ্দীন শীর্ষ তিন  পদে নিরঙ্কুশভাবে জয়ী হয়েছেন। উদাহরণ হিসেবে অমর একুশে হলে সাদিক পান ৬৪৪, আবিদুল ইসলাম পান ১৪১, আর উমামা পান ৯০ ভোট। সুফিয়া কামাল হলে সাদিক পান ১,২৭০, আবিদ ৪২৩ এবং উমামা ৫৪৭ ভোট। তবে জগন্নাথ হলে ভিপি পদে আবিদ শীর্ষে ছিলেন ১,২৭৬ ভোট নিয়ে।

শেষ পর্যন্ত সব হলের ফলাফল মিলিয়ে ঘোষিত ফলাফলে পরিষ্কার ব্যবধানে জয়ী হয়েছেন সাদিক কায়েম, ফরহাদ ও মহিউদ্দীন খান।

মতামত দিন