আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে আন্দোলনে কেন্দ্রবিন্দুতে বালেন শাহ, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হওয়ার দাবিও বাড়ছে।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালে প্রধানমন্ত্রী কে পি শর্মা অলির পদত্যাগের পর নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। তিনি সামাজিক মাধ্যমে ‘বালেন শাহ’ নামেই বেশি পরিচিত।

অনলাইনে তাকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী করার দাবিও দ্রুত ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শর্মার পদত্যাগের পর জেন-জি আন্দোলনকারীরা সামাজিক মাধ্যমে বালেনকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

গত সপ্তাহে নেপাল সরকার ফেসবুক, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের ঘোষণা দেয়। প্রতিবাদে রাস্তায় নেমে আসে তরুণ বিক্ষোভকারীরা। সোমবার পুলিশ তাদের ওপর গুলি চালায়, যার ফলে কাঠমান্ডুতেই ১৮ জনসহ মোট ১৯ জন নিহত হন। নিহতদের মধ্যে অনেকেই স্কুল ও কলেজের ছাত্র ছিল।

বালেন্দ্র শাহ আগে একজন র‌্যাপার ছিলেন। এরপর রাজনীতিতে আসেন এবং কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। আন্দোলনের শুরু থেকেই তিনি বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন, যদিও বয়স সীমার কারণে সরাসরি অংশগ্রহণ করতে পারেননি। তিনি বলেন, “এটি তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন।আমি তাদের আশা ও লক্ষ্য বোঝার চেষ্টা করছি এবং কেউ যেন এটি নিজেদের স্বার্থে ব্যবহার না করে।”

বালেন্দ্র শাহের পরিচয়:
বালেন শাহ ১৯৯০ সালে কাঠমান্ডুতে জন্মগ্রহণ করেন। নেপালে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা শেষে  তিনি ভারতের বিশ্বেশ্বরায়া টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি থেকে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। রাজনীতিতে আসার আগে তিনি নেপালের আন্ডারগ্রাউন্ড হিপ-হপ জগতের র‌্যাপার ও গীতিকার হিসেবে পরিচিত ছিলেন।

২০২২ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কাঠমান্ডুর মেয়র নির্বাচনে অংশ নিয়ে বড় দলগুলোর প্রার্থীদের হারিয়ে ৬১ হাজারেরও বেশি ভোটে জয়ী হন।


মতামত দিন