ডাকসু ভোটে টিএসসি কেন্দ্রের বাইরে উত্তেজনা, পক্ষপাতের অভিযোগ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের শেষ পর্যায়ে টিএসসি কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সাদিক কায়েমকে বিশেষ সুবিধা দিয়ে কেন্দ্রের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে।
স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের সাধারণ সম্পাদক আল সাদী ভূঁইয়া এবং ছাত্র পরিবহন সম্পাদক প্রার্থী রাফিজ খান এই ঘটনায় সরাসরি অভিযোগ তোলেন। তাদের দাবি, ভোটকেন্দ্রে নিয়ম অনুযায়ী শুধুমাত্র প্রার্থীরাই প্রবেশ করতে পারে, কিন্তু সাদিককে বহরসহ ঢোকার সুযোগ দেওয়া হয়েছে।
এই ঘটনায় কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। উপস্থিত সহকারী প্রক্টর ড. এ কে এম নুরুল আলম পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। ক্ষুব্ধ প্রার্থীরা নির্বাচন কমিশনের আচরণকে পক্ষপাতমূলক বলে উল্লেখ করেন এবং ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন।
রাফিজ খান বলেন, “আমাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রার্থী ছাড়া কাউকে কেন্দ্রের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। তাহলে তারা কেন ১০-১২ জন নিয়ে প্রবেশ করেছে? এটা কি প্রশাসনের পক্ষপাত নয়?” আল সাদী ভূঁইয়া যোগ করেন, “নিয়ম সবার জন্য সমান হওয়া উচিত। কারও জন্য আলাদা আচরণ ঠিক নয়। নির্বাচন কমিশন পক্ষপাতিত্ব দেখাচ্ছে।”
তবে সহকারী প্রক্টর নুরুল আলম অভিযোগটি অস্বীকার করে বলেন, “আমি এমন কিছু দেখিনি। ওই প্রার্থীও কেন্দ্রের ভিতরে যাননি। যদি কিছু ঘটে থাকে, আমি তাকে জিজ্ঞেস করব।” তিনি আরও জানিয়েছেন, এখন থেকে ভাইস প্রেসিডেন্ট, জিএস ও এজিএস প্রার্থীদের ছাড়া কাউকেই কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

মতামত দিন