জাতীয়
ছবি: সংগৃহীত

কুয়াকাটায় ধরা পড়ল বিরল রঙিন ‘গিনি অ্যাঞ্জেলফিশ’।

নিজেস্ব প্রতিবেদক:

পটুয়াখালীর কুয়াকাটা উপকূলে জেলেদের জালে ধরা পড়েছে একটি বিরল রঙিন মাছ, যা গিনি অ্যাঞ্জেলফিশ বা আফ্রিকান অ্যাঞ্জেলফিশ নামে পরিচিত। বৈজ্ঞানিক নাম Holacanthus africanus।

‘এফবি মায়ের দোয়া’ নামের ফিশিং ট্রলারে সোমবার (৮ সেপ্টেম্বর) অন্যান্য মাছের সঙ্গে এই বিশেষ  প্রজাতির মাছটি ধরা পড়ে।

জেলে আ. জলিল মাঝি জানান, মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি। পিঠের গাঢ় সোনালি রঙে হলুদ দাগ এবং মুখে হালকা সোনালি নকশা থাকায় এটি চোখে পড়ার মতো আকর্ষণ তৈরি করছে।

মৎস্য বন্দরে মাছটি আনা হলে স্থানীয় জেলেরা বেশ উত্তেজিত হন। মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, “এমন মাছ আগে কখনো দেখিনি। মনে হচ্ছে, যেন বাসার অ্যাকুরিয়ামে থাকে।” বারবিকিউ ব্যবসায়ী সেলিম জানান, “প্রথমে মাছটি বাসায় নিয়ে গেলাম, তবে খাওয়া যাবে কিনা জানি না।”

উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, “গিনি অ্যাঞ্জেলফিশ সাধারণত উষ্ণ প্রবালপ্রধান অঞ্চলে থাকে। বঙ্গোপসাগরের কাদামাটি ও বালুময় এলাকায় এর ধরা পড়া অস্বাভাবিক। জলবায়ু পরিবর্তন ও সমুদ্র স্রোতের পরিবর্তনের কারণে বিভিন্ন প্রজাতি নতুন এলাকায় বিস্তার করছে।”

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, “এটি একটি বিরল মাছ। সাধারণত গভীর সমুদ্রে দেখা যায়। এবার জেলেদের জালে ধরা পড়ায় অর্থনৈতিকভাবে নতুন সুযোগ তৈরি হতে পারে।”

মতামত দিন