জাতীয়
ছবি: সংগৃহীত

ফরিদপুরে আসন পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক-রেলপথ অবরোধ।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের দুটি আসনের সীমানা পরিবর্তন নিয়ে তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন ফরিদপুর-৪ থেকে সরিয়ে ফরিদপুর-২ আসনে যুক্ত করার ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকেই বিক্ষোভে নামেন এলাকাবাসী।

ভোর থেকে ভাঙ্গার বিভিন্ন পয়েন্টে বিক্ষুব্ধরা ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল ও যশোর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তারা মহাসড়কের ওপর গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে ভাঙ্গা হয়ে যাতায়াতকারী ২১ জেলার যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল হয়ে পড়ে। আটকে পড়ে শত শত যানবাহন, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

শুধু সড়কপথই নয়, একইসঙ্গে কৈডুবি সদরদী এলাকায় বেনাপোল-ঢাকা রেলপথও অবরোধ করা হয়। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, আলগী ও হামিরদী ইউনিয়ন পুনরায় ফরিদপুর-৪ এ অন্তর্ভুক্ত না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে ৪৬টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের গেজেট প্রকাশিত হয়। ওই গেজেটেই ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন নিয়ে গঠিত ফরিদপুর-৪ আসনের অন্তর্ভুক্ত আলগী ও হামিরদী ইউনিয়নকে নগরকান্দা উপজেলার সঙ্গে যুক্ত করে ফরিদপুর-২ আসনে স্থানান্তর করা হয়। আর এই সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই এলাকায় উত্তেজনা  ছড়িয়ে পড়ে।

মতামত দিন