ডাকসু ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত চলবে এই প্রক্রিয়া।
সকাল থেকে প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই জানান, দিনের শুরুতেই ভোট দিয়ে তারা অন্য কাজে ফিরতে চেয়েছেন। এর আগে সকাল ৭টার দিকে প্রতিটি কেন্দ্রে ব্যালটবক্স পৌঁছে দেওয়া হয় এবং সাংবাদিক ও পোলিং এজেন্টদের উপস্থিতিতে তা উন্মুক্ত করা হয়।
ভোট ঘিরে পুরো ক্যাম্পাসে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথে বসানো হয়েছে চেকপোস্ট। টিএসসি এলাকায় গড়ে তোলা হয়েছে পুলিশের নিয়ন্ত্রণকক্ষ। নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন পুলিশ, পাশাপাশি রয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরাও।
এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। সহ-সভাপতি (ভিপি) পদে লড়ছেন ৪৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৯ জন এবং সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২৫ জন। নারী প্রার্থীদের মধ্যে ভিপি পদে রয়েছেন ৫ জন, জিএস পদে ১ জন এবং এজিএস পদে ৪ জন।
ভোটার তালিকা অনুযায়ী এবার ভোটাধিকার প্রয়োগ করবেন ৩৯ হাজার ৭৭৫ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ভোটার ২০ হাজার ৮৭৩ জন এবং ছাত্রী ভোটার ১৮ হাজার ৯০২ জন।

মতামত দিন