গোপালগঞ্জে এনসিপি সমাবেশে হামলার প্রধান হোতাকে গ্রেপ্তার।
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশে প্রথম দফায় সংঘটিত হামলার মূলহোতা এস এম দ্বীন ইসলামকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেপ্তার করেছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের বটতলা এলাকায় ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, ১৬ জুলাই এনসিপির জুলাই পদযাত্রার সময় গোপালগঞ্জে ব্যাপক সহিংসতা হয়েছিল। ওইদিন ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ, উপজেলা প্রশাসন এবং সমাবেশে আসা নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মঞ্চে ভাঙচুরের ঘটনা ঘটায়। এই সহিংসতার নেতৃত্ব দেন দ্বীন ইসলাম।
ঘটনার পর থেকে তিনি নিজ বাড়ি ছেড়ে শহরের বটতলা এলাকায় আত্মগোপনে ছিলেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করতে সক্ষম হয়।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, পদযাত্রা সংক্রান্ত সহিংসতার ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারে আসামি ছিলেন দ্বীন ইসলাম। তাকে প্রথমে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার করা হয়েছে।
মতামত দিন