ভুয়া নথি দিলে যুক্তরাষ্ট্রের ভিসা স্থায়ীভাবে বাতিল হতে পারে: ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের বার্তায় বলা হয়, ‘ভিসা জালিয়াতির প্রভাব অত্যন্ত গুরুতর। যদি আবেদনকালে মিথ্যা তথ্য বা ভুয়া নথিপত্র প্রদান করা হয়, তবে মার্কিন অভিবাসন আইনের আওতায় আপনার ভিসা স্থায়ীভাবে বাতিল করা হবে। এর ফলে আপনি ভবিষ্যতে কখনো যুক্তরাষ্ট্রে যেতে পারবেন না।’
এর আগে ১ সেপ্টেম্বরও দূতাবাস এক ফেসবুক পোস্টে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সংস্থার সমন্বয়ে ভিসা জালিয়াতি রোধ ও অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেবে। যারা ভিসা জালিয়াতিতে জড়িত, তাদের আজীবনের জন্য দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
বার্তায় আরও উল্লেখ করা হয়েছে, একটি দেশের সীমান্ত সুরক্ষিত না থাকলে জাতি হিসেবে টিকে থাকা কঠিন হয়ে যায়। যারা ভিসা জালিয়াতি করে, অবৈধ অভিবাসী দেশে আনে বা তাদের আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


মতামত দিন