আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

নেপালে ‘জেন-জি রেভল্যুশন’ আন্দোলনে নিহত ৮, আহত শতাধিক।

নিজেস্ব প্রতিবেদক:

নেপালের রাজধানী কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভের  সময় অন্তত ৮ জন মারা গেছেন এবং শতাধিক আহত হয়েছেন। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, যখন বিক্ষোভকারীরা রাস্তায় নেমে কারফিউ উপেক্ষা করে সংসদ ভবনের সংরক্ষিত এলাকায় প্রবেশের চেষ্টা করে।

সংবাদ সংস্থা রয়টার্স জানায়, ৪ সেপ্টেম্বর থেকে নেপাল সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দিয়েছে। সরকারের এই পদক্ষেপের প্রতিবাদে সোমবার (৮ সেপ্টেম্বর) বিক্ষোভ শুরু হয়। প্রথমদিকে মিছিলটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু পরে সহিংসতায় রূপ নেয়।

পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও ছত্রভঙ্গের ব্যবস্থা নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে। বিক্ষোভকারীরা এই আন্দোলনকে ‘জেন-জি রেভল্যুশন’ বলে অভিহিত করছে।

নেপালের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, সরকারি সময়সীমার মধ্যে নিবন্ধিত না হওয়ায় ফেসবুকসহ কয়েকটি প্ল্যাটফর্ম বন্ধ করা হয়েছে। নেপাল সরকারের মতে, ভুয়া আইডি ব্যবহারকারীরা দেশের মধ্যে কিছু সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মে ঘৃণা ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাইবার অপরাধ ঘটাচ্ছে এবং সামাজিক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করছে। উল্লেখ্য, ৩ কোটি মানুষের মধ্যে প্রায় ৯০ শতাংশই ইন্টারনেট ব্যবহার করে।

মতামত দিন