আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

লোহিত সাগরে মাইক্রোসফটের ফাইবার অপটিক নেটওয়ার্ক সাবমেরিন কেবল বিচ্ছিন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

লোহিত সাগরের গভীরে বিস্তৃত প্রায় ১৪ লাখ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে আছে মাইক্রোসফটের ফাইবার অপটিক নেটওয়ার্ক। বিশ্বব্যাপী বাণিজ্যিক লেনদেন থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা ও ব্যাংকিং—প্রায় সব খাতেই এই কেবল ব্যবহৃত হয়।

শনিবার সৌদি শহর জেদ্দার উপকূলের কাছে কয়েকটি সাবমেরিন কেবল হঠাৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে বড় ধরনের সমস্যা দেখা দেয় মাইক্রোসফটের অ্যাজুর ক্লাউড কম্পিউটিং পরিষেবায়, যার কারণে সৌদি আরবসহ ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের একাধিক দেশে ইন্টারনেট সংযোগ ব্যাহত হয়। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো চিহ্নিত হয়নি, তবে মধ্যপ্রাচ্যের বাইরে অন্যান্য অঞ্চলের পরিষেবা তুলনামূলক অক্ষত রয়েছে।

প্রথম দিকে ঘটনাটিকে স্বতঃস্ফূর্ত দুর্ঘটনা মনে করা হলেও রবিবার হুতি নিয়ন্ত্রিত আল মাসিরাহ টিভিতে প্রচারিত এক বিবৃতিতে এ হামলার দায় স্বীকার করে ইয়েমেনি বিদ্রোহীরা।

ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এবং আরও কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে নজরদারি কার্যক্রম পরিচালনায় মাইক্রোসফটের ক্লাউড সেবা ব্যবহার করা হচ্ছিল। তবে মাইক্রোসফট এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের শুরুর দিকে ইয়েমেনের নির্বাসিত সরকার প্রথম সতর্ক করেছিল যে হুতিরা লোহিত সাগরের তলদেশে থাকা ক্যাবলগুলোতে হামলার পরিকল্পনা করছে। সে সময়ও কয়েকটি কেবল বিচ্ছিন্ন হয়েছিল, যদিও তখন হুতিরা কোনো দায় নেননি।

মতামত দিন