ইয়েমেনে সৌদি হামলা, ক্ষতিগ্রস্ত বেসামরিক স্থাপনা।
ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের সা’দা প্রদেশে গোলাবর্ষণ করেছে সৌদি বাহিনী। রোববার (৭ সেপ্টেম্বর) এ ঘটনার কথা জানায় ইরানভিত্তিক গণমাধ্যম প্রেস টিভি।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, সীমান্তবর্তী এলাকায় এ হামলার ফলে কয়েকটি স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি হয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
ইয়েমেনি কর্তৃপক্ষের অভিযোগ, দেশটিতে দীর্ঘদিন ধরেই সৌদি বাহিনীর হামলা চলমান। সম্প্রতি গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর পর এসব আক্রমণ আরও তীব্র হয়েছে।
উল্লেখ্য, ২০১৫ সালের মার্চে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা রাষ্ট্রগুলোর সহায়তায় ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব। তাদের উদ্দেশ্য ছিল হুতি আন্দোলন দমন ও রিয়াদপন্থি আবদে রাব্বু মনসুর হাদির সরকারকে পুনঃপ্রতিষ্ঠা করা।
তবে প্রায় এক দশক পেরিয়ে গেলেও সে লক্ষ্য পূরণ হয়নি। উল্টো সংঘাতের কারণে লাখো মানুষ প্রাণ হারিয়েছে এবং ইয়েমেন বিশ্বের ভয়াবহতম মানবিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছে।
মতামত দিন