রাজনীতি
ছবি: সংগৃহীত

সুন্দরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে থমথমে পরিবেশ, ১৪৪ ধারা জারি।

নিজেস্ব প্রতিবেদক:

বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার রাতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাস আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় এই নির্দেশ জারি করেন।

সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল হাকিম আজাদ জানান, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং যে কোনও ধরনের অপতৎপরতা রোধে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। সকাল থেকেই এলাকায় পুলিশ টহল জোরদার করা হয়েছে।

সকাল ১০টার দিকে পৌর এলাকা ঘুরে দেখা যায়, পরিবেশ শান্ত থাকলেও রাস্তায় লোকজনের উপস্থিতি  অন্যান্য দিনের তুলনায় অনেক কম।

স্থানীয়রা জানিয়েছেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপি পৌর এলাকার দলীয় কার্যালয়ে অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি নেয়। অন্যদিকে দলের একাংশ একই দিনে আলাদা অনুষ্ঠান আয়োজন করে ঘোষণা দেয়, তারা মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটির কাউকে কার্যালয়ে ঢুকতে দেবে না। ফলে দিনভর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে।

এর আগে ২৫ আগস্ট জেলা বিএনপি সুন্দরগঞ্জের ১৫টি ইউনিয়নে নতুন সদস্য সংগ্রহ ও ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেয়। তবে এতে প্রকৃত তৃণমূল নেতাকর্মীদের বাদ দিয়ে অন্য দলের চিহ্নিত কর্মীদের অন্তর্ভুক্ত করার অভিযোগ ওঠে। ক্ষুব্ধ নেতাকর্মীরা ২৭ ও ৩১ আগস্ট বিক্ষোভ, ঝাড়ু মিছিল ও মোটরসাইকেল শোডাউন  করেন এবং জেলা বিএনপির সভাপতি ডা. মইনুল হাসান সাদিকের অপসারণ দাবি করেন।

অপরদিকে, সাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিবের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ-প্রতিবাদে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে।

মতামত দিন