ফেব্রুয়ারিতেই আনন্দমুখর পরিবেশে নির্বাচন হবে: প্রধান উপদেষ্টা।
দুর্গাপূজা প্রসঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। অনেকে গণ্ডগোল তৈরির চেষ্টা করবে, তাই সতর্ক থাকতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীতে ৭ দল ও হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক শেষে এসব বক্তব্য প্রধান উপদেষ্টার বরাতে জানান প্রেস সচিব শফিকুল আলম।
তিনি জানান, প্রধান উপদেষ্টা নির্বাচনে বিদেশি হস্তক্ষেপ ঠেকানোর ওপরও জোর দিয়েছেন। তার ভাষায়, অন্য কোনো দেশ যেন নির্বাচনে থাবা বসাতে না পারে, সেদিকে সতর্ক থাকতে হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেছেন, যারা আগে ভোট দিতে পারেননি, তাদের জন্য এবার হবে নতুন অভিজ্ঞতা। আর যারা ভোট দিতে গিয়ে তিক্ততার শিকার হয়েছেন, তারাও আগামী নির্বাচনে ভিন্ন অভিজ্ঞতা পাবেন।
সবশেষে তিনি বলেন, আগামী ছাব্বিশের ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে। তবে যারা এই সরকারকে ভোট পর্যন্ত যেতে দিতে চায় না, তারা সর্বোচ্চ বাধা দেওয়ার চেষ্টা করবে, যার কিছু লক্ষণ ইতিমধ্যেই দেখা যাচ্ছে। তাই সবার আরও সতর্ক থাকা প্রয়োজন।
মতামত দিন