সেন্টমার্টিনে আরাকান আর্মির হাতে ১৮ জেলে আটক, ৩ ট্রলার জব্দ।
কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী সেন্টমার্টিন দ্বীপের পশ্চিম ও পূর্ব সাগরে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যার দিকে আরাকান আর্মির সদস্যরা ১৮ জন জেলেকে আটক করেছে। এ সময় তাদের মালিকানাধীন তিনটি ট্রলারও জব্দ করা হয়েছে।
সেন্টমার্টিন ফিশিং বোট সমিতির সভাপতি আজিম উদ্দিন বলেন, “জেলেরা মাছ ধরছিল, তখন স্পিডবোটে এসে তারা আমাদের তিনটি ট্রলারসহ ১৮ জন জেলেকে আটক করে নিয়ে গেছে। প্রতিটি ট্রলারে ছয়জন করে জেলে ছিলেন। জব্দকৃত ট্রলারগুলো মালিকানাধীন আবু তাহের, আলমগীর ও আবসার উদ্দীন।”
টেকনাফের ইউএনও শেখ এহেসান উদ্দিন জানিয়েছেন, বিষয়টি উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তিনি সতর্ক করে বলেন, “মাছ ধরার সময় জেলেদের নিরাপদ অবস্থান নিশ্চিত করতে হবে। আমরা ঘটনাটির খোঁজখবর নিচ্ছি।”
এ ঘটনায় স্থানীয়দের মতে, আরাকান আর্মি গত বছরের আগস্ট থেকে রাখাইনের মংডু শহর নিয়ন্ত্রণ নেয়ার পর বঙ্গোপসাগরের এই জলসীমায় আধিপত্য বিস্তার করেছে। এর ফলে নিয়মিত জেলেদের অপহরণের ঘটনা ঘটছে। গত এক মাসে অন্তত ১০টি ট্রলারের ৭৪ জেলেকে আটক করা হয়েছে।
মতামত দিন