আসন্ন নির্বাচনে পিআর পদ্ধতি দাবি করে সরকারকে পাঠানো হলো আইনি নোটিশ।
রোববার (৩১ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের কাছে আইনি নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে আয়োজনের জন্য সংবিধান সংশোধন এবং নতুন আইন প্রণয়ন জরুরি।
এছাড়া নির্বাচন কমিশনকে নির্দেশনা ও প্রয়োজনীয় বিধান জারি করতে হবে, যাতে সব রাজনৈতিক দল সময়মতো তাদের প্রস্তুতি নিতে পারে। নোটিশে ১৫ কার্যদিবসের মধ্যে পদক্ষেপ না নিলে জনস্বার্থে রিট দায়ের করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় জনগণের ভোট যথাযথভাবে সংসদে প্রতিফলিত হচ্ছে না। অনেক সময় কমসংখ্যক ভোট প্রাপ্ত প্রার্থী নির্বাচিত হচ্ছেন, আবার বিপুলসংখ্যক ভোটও সংসদে প্রতিফলন পাচ্ছে না। এতে ভোটারদের ভোটের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং প্রকৃত জনমতের সঠিক প্রতিফলন ঘটে না।
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতি বহু উন্নত গণতান্ত্রিক দেশে সফলভাবে কার্যকর রয়েছে। এর মধ্যে সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা উল্লেখযোগ্য।
মতামত দিন