দিনের ভোট রাতেই সম্পন্ন হওয়ার সংবিধান দিয়ে আর নির্বাচনে অংশ নেওয়া যাবে না:হাসনাত।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত এক সভায় সংবিধান ও নির্বাচন ব্যবস্থা নিয়ে কড়া সমালোচনা করেছেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে অনুষ্ঠিত ওই সভায় তিনি বলেন, শেখ হাসিনার সময় যে সংবিধানের দোহাই দিয়ে দিনের ভোট রাতে সম্পন্ন করা হয়েছে, সেই সংবিধান দিয়ে আর কোনো নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেন, আগামী মাসেই যদি প্রধান উপদেষ্টা নিয়ম পরিবর্তন করে নির্বাচন ঘোষণা করেন, তাতেও তাদের আপত্তি থাকবে না। তবে এজন্য প্রয়োজন নতুন সংবিধান। হাসনাতের ভাষ্য, জনগণ আগের নির্বাচনে সঠিকভাবে ভোট দিতে পারেনি। অনেকে পুরো ভোটবইতে সিল মেরেছে, এমনকি মৃত ব্যক্তির নামেও ভোট পড়েছে। সেই নির্বাচনি খেলায় আওয়ামী লীগের পক্ষে রেফারি নিজেই গোল দিয়েছেন, ওসি ভোট কাটার ব্যবস্থা করেছেন আর ইউএনও ফলাফল ঘোষণা করেছেন।
এ সময় তিনি নির্বাচনের নিয়ম পরিবর্তনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, শুধু দারোয়ান বদলালেই হবে না, ভাঙা দরজা-জানালাও পরিবর্তন করতে হবে। পাঁচ বছর পরপর দারোয়ান পাল্টালেও দেশের চুরি-ছিনতাই, ধান্দাবাজি আর চাঁদাবাজি বন্ধ হয়নি। তাই আগে ভাঙা কাঠামো সংস্কার জরুরি।
সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা এনসিপির প্রধান আহ্বায়ক জামাল মোহাম্মদ কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসাধারণ সম্পাদক এম এস সাইফ মোস্তাফিজ, যুগ্ম মুখ্য ডা. মাহমুদা আলম মিতু এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ।

মতামত দিন