ভারতের মহারাষ্ট্রে বহুতল ভবন ধস, ১৫ জনের মৃত্যু।
ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার বিরার শহরে ‘রামাবাই অ্যাপার্টমেন্ট’ নামের একটি বহুতল ভবন ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
বুধবার (২৮ আগস্ট) রাত প্রায় ১২টার কিছু পরে ভবনের একটি অংশ পাশের খালি চাউলঘরের ওপর ভেঙে পড়ে।
পালঘর জেলা প্রশাসনের বরাত দিয়ে জানা যায়, অন্তত ছয়জন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। উদ্ধার কাজ চালাচ্ছেন জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনী (এনডিআরএফ), দমকল কর্মী ও পুলিশ সদস্যরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসস্তূপ সরানোর তৎপরতা বৃহস্পতিবারও অব্যাহত থাকবে এবং নিহতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক অভিযোগ রয়েছে, ভবনটি অনুমোদনহীনভাবে নির্মাণ করা হয়েছিল এবং ধসে পড়ার আগে থেকেই এর গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছিল।

মতামত দিন